ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) শিক্ষার্থীরা একাডেমিক অধিকার, মানসম্মত শিক্ষা ও আধুনিক উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে ১৩ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। রোববার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় কলেজের শহিদ মিনারের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে ডিসিইউ প্রশাসন রানিং শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে গণভোট আয়োজন করে। এই গণভোটে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা নির্দেশ করে শিক্ষার্থীরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন হতে চায়। তবে গণভোটের ফল প্রকাশের পরও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।
তিনি শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষা শেষ করার আহ্বান জানিয়ে বলেন, বিশেষ করে ২০২১-২২ সেশন এবং প্রথম বর্ষ ২০২৪-২৫ সেশনের পরীক্ষা অতি দ্রুত সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃক একাডেমিক রোডম্যাপ এবং মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আজকের মধ্যেই জারি করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, যদি একাডেমিক মাইগ্রেশন নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে এর দায় শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে। তারা তাদের যৌক্তিক দাবি গণতান্ত্রিক উপায়ে জানিয়ে দিয়েছেন এবং উপাচার্যও সহযোগিতা করেছেন।
শিক্ষার্থীরা ১৩টি দাবি পেশ করেন, যার মধ্যে রয়েছে- শিক্ষকদের প্রশিক্ষণ, ডিজিটাল লার্নিং রিসোর্সের সমান অ্যাক্সেস, আধুনিক ল্যাব সুবিধা, নিরাপদ পরিবহন ব্যবস্থা, গবেষণার জন্য তহবিল, বাস্তবসম্মত একাডেমিক ক্যালেন্ডার এবং টিএসসি নির্মাণের উদ্যোগ।
অনলাইন ডেক্স 

























