কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে নয়টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাহমুদুল হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সায়াদুর রহমান।
বক্তারা মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষার্থীদের বাস্তব সমস্যা ও শিল্পখাতের চ্যালেঞ্জ নিয়ে গবেষণায় সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “মানসম্মত শিক্ষাদান ও গবেষণা একে অপরের সঙ্গে জড়িত। শিক্ষক সংকটের কারণে গবেষণায় পর্যাপ্ত সময় দিতে পারছেন না।” প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম জানান, বিশ্ববিদ্যালয়টি ৪২টি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে এবং ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
তিনি বলেন, “শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা ও শিল্পখাতের চ্যালেঞ্জ নিয়ে গবেষণায় সম্পৃক্ত হতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”
অনলাইন ডেক্স 






















