রংপুরের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে মুগ্ধ দাস ও তার মামাতো ভাইয়ের ছেলে সিদ্ধার্থ দাস রয়েছেন।
রোববার (২৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা ওই বাড়ির বাথরুমে গিয়ে গোসল করেন এবং পরে ডাইনিং টেবিলে রাখা খেজুর ও শসা খান।
পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ স্থানীয় এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে সেবন করেন। এরপর তারা গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে শব্দ শুনে গণপতি চক্রবর্তী ছাদে আসলে অভিযুক্তরা তাকে গামছা পেঁচিয়ে হত্যা করেন।
এ সময় গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও তাদের মেয়ে আগামী চক্রবর্তী পার্থীও হত্যার শিকার হন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বাড়ির বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রেখে ডাকাতির নাটক সাজান।
এ ঘটনায় রংপুর নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, দ্রুত তদন্ত শেষ করে মামলার চার্জশিট দেওয়ার চেষ্টা করা হবে।
অনলাইন ডেক্স 

























