বরিশালের গৌরনদীতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাফর ইকবাল ও সরকারি গৌরনদী কলেজের ভিপি কেএম আনোয়ার হোসেন বাদলকে বিএনপির মূল কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে পদায়ন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ এবং সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ১৯৮৬ সালে এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন জাফর ইকবাল। তিনি ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০০২-২০০৮ পর্যন্ত টানা দুই মেয়াদে উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া, ২০০৩-২০০৮ পর্যন্ত বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, কেএম আনোয়ার হোসেন বাদল সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, সভাপতি এবং ২০০৫ সালে ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক লড়াই ও সংগ্রামের পর সাবেক এই দুই নেতা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে পদায়ন পেয়েছেন।
পদ পাওয়া দুই নেতা জানান, তারা ছাত্র রাজনীতি সমাপ্ত করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তারা দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবেন।
অনলাইন ডেক্স 
























