মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিশ্ব মানবপাচারবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।
‘ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম: এন্ডিং হিউম্যান ট্র্যাফিকিং ফর ফোর্সড ক্রিমিন্যালিটি’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দফতর (ইউএনওডিসি) এবং জাতিসংঘ অভিবাসন নেটওয়ার্কের কাউন্টার ট্রাফিকিং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচারের ধরন ক্রমেই জটিল হয়ে উঠছে এবং অপরাধী চক্রগুলো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তরুণদের ফাঁদে ফেলছে।
তিনি উল্লেখ করেন, আকর্ষণীয় চাকরি ও উন্নত ভবিষ্যতের মিথ্যা আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে তাদের সাইবার স্ক্যাম সেন্টারে আটকে রাখা হচ্ছে। নতুন আইনে অনলাইন স্ক্যামও শাস্তির আওতায় আনা হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘মানবপাচার প্রতিরোধ ও দমন বিধিমালা, ২০১৭’ যুগোপযোগী করার কাজ চলছে এবং জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬–২০৩০ চূড়ান্ত করা হচ্ছে। তিনি ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি আধুনিক ‘ডিজিটাল পাচার প্রতিরোধ তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম’ তৈরি করার কথাও জানান।
সংলাপে আইন ও বিচার বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্ত আলোচনা ও সচেতনতামূলক পুতুলনাচ প্রদর্শিত হয়।
অনলাইন ডেক্স 
























