বরিশালের চরামদ্দি ইউনিয়নে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবুল কালাম মজুমদার পেনশনের টাকায় তিনটি পুকুরে মাছ চাষ করছিলেন। কিন্তু দুর্বৃত্তদের কারণে তার স্বপ্ন ভেঙে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলা হয়।
আবুল কালাম মজুমদার অভিযোগ করেছেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা তার পুকুরের ২ লাখ টাকার মাছ নিধন করেছে। এ ঘটনায় তিনি স্থানীয় পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ২০২৩ সালে বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে অবসর গ্রহণ করেন।
অবসরের পর তিনি পেনশনের টাকার একটি অংশ দিয়ে মাছ চাষ শুরু করেন। ঘটনার দুই দিন আগে তিনি পুকুরে ২০ হাজার টাকার মাছের খাবারও দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই মাছগুলো মারা যায়।
আবুল কালাম জানান, তার পুকুরের মালিকানা নিয়ে কোনো বিরোধ নেই। তবে তার চাচাতো ভাই আবির মজুমদার পুকুরগুলো লিজ নিতে চেয়েছিলেন, যা নিয়ে কিছু ঝামেলা হয়েছিল। তিনি সন্দেহ করছেন, এ কারণেই বিষ প্রয়োগ করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ গ্রহণ করেছে। তবে মাছের মৃত্যু কেন হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগীকে মাছের নমুনা পরীক্ষা করতে মৎস্য অফিসে আসার জন্য বলা হয়েছিল। তবে তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি। আগামী রোববার নমুনা নিয়ে আসার কথা জানিয়েছেন তিনি।
অনলাইন ডেক্স 





















