সাতক্ষীরার শ্যামনগরে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার বিরুদ্ধে কথা বলেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, গাজী নজরুল ইসলাম ভোটের সময় সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বের করতে হবে। তারা গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে বিক্ষোভকারীরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাবা মো. মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন, যেখানে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
অনলাইন ডেক্স 
























