এক পায়ে দাঁড়িয়ে থাকা একটি সহজ শারীরিক অনুশীলন হলেও, এটি অনেকের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তবে নিয়মিতভাবে এই অভ্যাসটি চর্চা করলে শরীর ও মস্তিষ্কের জন্য বেশ কিছু উপকারিতা পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, শিশু বয়সে আমরা সহজেই এক পায়ে দাঁড়াতে পারি, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সক্ষমতা কমে যায়। ৫০ বছর পেরিয়ে কেউ যদি কয়েক সেকেন্ড এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে এটি তার স্বাস্থ্য ও বার্ধক্য মোকাবিলার সক্ষমতার একটি ইতিবাচক ইঙ্গিত।
এক পায়ে দাঁড়িয়ে থাকার ফলে পড়ে যাওয়ার ঝুঁকি কমে যায়, কারণ এটি শরীরের ভারসাম্য উন্নত করে এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা বাড়ায়। এছাড়া, এই অনুশীলন পেশি শক্তিশালী করতে সহায়তা করে এবং সারকোপেনিয়ার ঝুঁকি কমায়।
মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি উন্নত করতেও এই অভ্যাস সহায়ক। ভারসাম্য ধরে রাখার ক্ষমতা ভালো হলে, স্মৃতিভ্রম বা ডিমেনশিয়ার অগ্রগতি ধীর হয়।
এই সহজ ব্যায়ামটি দৈনন্দিন জীবনে যুক্ত করা যায়। দাঁত ব্রাশ করার সময় বা থালা-বাসন ধোয়ার সময় এক পায়ে দাঁড়িয়ে অনুশীলন করা যেতে পারে। নিয়মিত চর্চার মাধ্যমে ৯০ বছর বয়সেও ভালো ভারসাম্য ধরে রাখা সম্ভব।
অনলাইন ডেক্স 























