রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী ছয় মাসের মধ্যে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ১২টি পয়েন্টে এ ব্যবস্থা কার্যকর রয়েছে এবং আগামী মাসের মধ্যে এ সংখ্যা ৬০ ছাড়িয়ে যাবে বলে আশা করছে ট্রাফিক বিভাগ।
গত এক বছরে যানজট কমাতে নগরীর ৭৫টি পয়েন্টে সড়ক ডাইভারশন ও প্রকৌশলগত পরিবর্তন আনা হয়েছে। ভবিষ্যতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ভিত্তিক ট্রাফিক নজরদারির মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আরও আধুনিক করার পরিকল্পনা রয়েছে ডিএমপির।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বর্তমানে ট্রাফিকে প্রায় ৪ হাজার ১০০ সদস্য কর্মরত রয়েছেন। তবে ছুটি, প্রশিক্ষণ ও অসুস্থতার কারণে ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৭০০ সদস্য রাজধানীর ৬৬৮টি ট্রাফিক পয়েন্টে দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ডাইভারশন ও মডিফিকেশন কার্যক্রমের ফলে যানজট কমার ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। আনিছুর রহমান আরও জানান, সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা উন্নত দেশের মডেলের সঙ্গে তুলনা করে পরিকল্পনা করা হচ্ছে, যা স্বয়ংক্রিয়ভাবে সিগন্যালের সময় নির্ধারণ করবে।
তিনি বলেন, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়, বরং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব একটি বড় সমস্যা। উন্নয়ন কাজের পাশাপাশি কার্যকর সমন্বয় নিশ্চিত করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
অনলাইন ডেক্স 
























