মালয়েশিয়া আপাতত ফাইনাল নিয়ে ভাবছে না। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দলের মুখোমুখি হবে তারা। তাই তাদের ভাবনায় এখন শুধুই বাংলাদেশ ম্যাচ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন কোচ তান চেং হো জানান, দলের মনোযোগ সম্পূর্ণভাবে বাংলাদেশ ম্যাচের দিকে। তিনি বলেন, 'যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচই কঠিন। তাই আমরা এই ম্যাচটিতে পুরোপুরি মনোযোগ দিচ্ছি।'
মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি দাতুক আব গনি হাসান দলের ফাইনালে যাওয়ার আশা প্রকাশ করেছেন। তবে চেং হো সেই লক্ষ্যকে চাপ হিসেবে না নিয়ে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তিনি বলেন, 'নতুন সভাপতির দেওয়া লক্ষ্যকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।'
চেং হো আরও জানান, 'ফুটবলাররা এই প্রথম ফিফা আসিয়ান কাপে খেলতে মুখিয়ে আছে। প্রতিটি ম্যাচ ও প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের বিপক্ষে ভালো ফল দিয়ে শুরু করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'
তিনি বলেন, 'স্কোয়াডের ২৩ ফুটবলারই বাংলাদেশ ম্যাচের জন্য প্রস্তুত। সবাইকে একসঙ্গে পেয়ে আমরা খুশি। যদিও দল ঘোষণার পর গত কয়েক দিনে তিনজন খেলোয়াড়কে বদলাতে হয়েছে।'
অনলাইন ডেক্স 

























