২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচের আগে ২০২১ সালে করা একটি ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছিল, ফাইনালে আর্জেন্টিনা স্পেনকে ৩-২ গোলে হারাবে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১২ জুলাই এক্সে (সাবেক টুইটার) করা ওই পোস্টে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে আর্জেন্টিনার জয়ও পূর্বাভাস দেওয়া হয়েছিল। বাস্তবে, সদ্য সমাপ্ত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে, স্পেন ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে।
অনেক ফুটবলপ্রেমী এই নিখুঁত ভবিষ্যদ্বাণী দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তবে কিছু ব্যবহারকারী এটিকে ইন্টারনেট কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, বড় টুর্নামেন্টের আগে কিছু ভুয়া অ্যাকাউন্ট থেকে সম্ভাব্য ফলাফলের পোস্ট করা হয় এবং পরে সঠিক পোস্টটি রেখে দেওয়া হয়।
আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে শিরোপার লড়াই অনুষ্ঠিত হবে। এই ম্যাচের মাধ্যমে জানা যাবে, আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে, নাকি স্পেন ২০১০ সালের পর আবার শিরোপা জিতবে।
ফুটবল বিশ্বের নজর থাকবে পাঁচ বছর আগের ওই ভবিষ্যদ্বাণীর ফলাফল এবং ৩-২ গোলের স্কোরলাইন বাস্তবে সত্যি হয় কি না, তার দিকে।
অনলাইন ডেক্স 


















