যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনাল সরাসরি মাঠে বসে উপভোগ করবেন। হোয়াইট হাউস জানিয়েছে, তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ারও সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববারের ফাইনাল ম্যাচ নিয়ে প্রেসিডেন্ট দারুণ উচ্ছ্বসিত। তার ভাষায়, এই ম্যাচের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপের পরিসমাপ্তি ঘটবে।
হোয়াইট হাউস আরও জানিয়েছে, ফাইনালের আগে শুক্রবার নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে অনুষ্ঠিত ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ফাইনালে ট্রাম্পের ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা আগেই ছিল। তিনি বলেন, স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফিফা সভাপতির যৌথভাবে ট্রফি প্রদান করাই প্রচলিত রীতি।
এর আগে নিউ জার্সিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ইনফান্তিনোর সঙ্গে ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এবার বিশ্বকাপের ফাইনালেও সেই দৃশ্যের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
অনলাইন ডেক্স 


















