সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে আরাফাত হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের একটি ব্রিজের নিচে খালে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন (১৩) পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের নূর আলমের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আরাফাত কয়েকজন সমবয়সী শিশুদের সঙ্গে খালে গোসল করতে নামে। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে আরাফাতকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেক্স 























