২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। ম্যাচটি বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আলোচনায় এসেছে এক ক্রীড়া জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী।
জ্যোতিষী জর্জিও আরমাস দাবি করেছেন, দুই দলের শক্তির ব্যবধান এতটাই কম যে নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত সময়েও কোনো দল জয় নিশ্চিত করতে পারবে না। তার মতে, ম্যাচের নিষ্পত্তি টাইব্রেকারে হতে পারে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এ তথ্য জানিয়েছে।
আরমাস সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৮ জুন দেওয়া একটি পুরোনো পোস্ট আবারও সামনে আনেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে এবং গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে টাইব্রেকারের জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি লেখেন, ‘ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। কত আগেই বলেছিলাম! দিবুকে প্রস্তুত থাকতে হবে; আমরা টাইব্রেকারে যাচ্ছি।’ তবে তিনি কোন দলের জয়ী হওয়ার পূর্বাভাস দেননি। তার মতে, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সামর্থ্য প্রায় সমান হওয়ায় বিজয়ী নির্ধারণ করা কঠিন।
এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আরমাসের ভাষ্য, ‘আমাদের লিওর সেরা ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।’ উল্লেখ্য, জর্জিও আরমাস অতীতে বিভিন্ন ক্লাব ও জাতীয় দলকে ঘিরেও একাধিক ভবিষ্যদ্বাণী করেছেন, তবে এসব পূর্বাভাসের বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং ম্যাচের ফল মাঠের খেলাতেই নির্ধারিত হবে।
অনলাইন ডেক্স 
























