পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র হামলায় চার দিনে দেশটির পুলিশ ও সেনাবাহিনীর অন্তত ৪২ সদস্য নিহত হয়েছেন। বুধবার দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানে গত ৬ জুলাই থেকে তিনটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় পুলিশ ও সেনাবাহিনীর ৪২ জন সদস্য প্রাণ হারিয়েছেন। একই সময়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে অন্তত ৫৪ সন্ত্রাসীকে হত্যা করেছে।
বেলুচিস্তান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, গত চার দিনে তিনটি বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের মদতপুষ্ট ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি জানান, মাতৃভূমি রক্ষা করতে গিয়ে সামরিক ও বেসামরিক নাগরিকসহ ৪২ জন প্রাণ হারিয়েছেন।
প্রথম হামলার ঘটনা ঘটে ৪ ও ৫ জুলাইয়ের মধ্যবর্তী রাতে হান্না উরাক এলাকায়, যেখানে 'ফিতনা আল-খাওয়ারিজ' গোষ্ঠীর সন্ত্রাসীরা স্থানীয় জনগণের ওপর হামলা চালায়। হামলার সময় চার বেসামরিক নাগরিক নিহত ও ছয়জন আহত হন।
দ্বিতীয় হামলার ঘটনা ঘটে ৬ জুলাই, মাঙ্গি বাঁধের কাছে একটি পুলিশি তল্লাশি চৌকিতে। সন্ত্রাসীরা হামলা চালালে পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে তাদের মোকাবিলা করেন এবং ১৫ জন সন্ত্রাসীকে হত্যা করেন। তবে এই হামলায় পুলিশের ৯ সদস্য নিহত হন।
আইএসপিআরের মহাপরিচালক জানান, নিরাপত্তা বাহিনী ওই এলাকায় পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের জিম্মি করে ফেলে। তিনি আরও জানান, অভিযানের সময় ২৬ সন্ত্রাসী নিহত হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অনলাইন ডেক্স 






















