সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাতক্ষীরার আমলি তৃতীয় আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের বিচারক নুসরাত জাহান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আগামী ৮ নভেম্বর দুপুর ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাদিকুল ইসলাম ভদু দেবহাটা উপজেলার পারুলিয়া শেখপাড়ার শওকত আলীর ছেলে এবং পারুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, গত ২৮ অক্টোবর সাদিকুল ইসলাম ভদু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন, যা আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, আদালত চত্বরে সাংবাদিকদের কাছে ভদু দাবি করেন, মিছিলকারীদের সঙ্গে থাকলেও তিনি শামীমকে মারধর করেননি। মামলার এজাহার অনুযায়ী, ধর্ম অবমাননার অভিযোগে গত ১২ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় জামায়াত কার্যালয়ের সামনে থেকে একদল লোক শামীমের বাড়িতে হামলা চালায়। পরদিন ১৩ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তার ওপর আবারও হামলা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়।
নিহতের ভাই আব্দুল জলিল ১৫ অক্টোবর দেবহাটা থানায় হত্যা মামলা করেন, যেখানে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। এর আগে মামলায় মোক্তার খান, আসাদুল মোল্লা ও ফজলুল হক আমিনীকে গ্রেফতার করে পুলিশ।
অনলাইন ডেক্স 





















