কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখ মারা গেছেন। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আইএসপিআর তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করে। জানা যায়, টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় মানব পাচারকারীদের একটি দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ একটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মানব পাচারকারীরা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটে। এ ঘটনায় মো. তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অভিযানে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া, মানব পাচারকারী চক্রের পাঁচজন সদস্যকে আটক এবং ৫৭ জন জিম্মিকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী মো. তিতাস শেখের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
অনলাইন ডেক্স 





















