গাজীপুর মহানগরীতে নিহত পোশাক শ্রমিক তৌফিক শেখের গায়েবানা জানাজা সাউন্ড গ্রেনেড ছুড়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এই জানাজার আয়োজন করা হয়েছিল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘যুবশক্তি’র মুখ্য সংগঠক আলী নাছের খান জানান, কর্মসূচি শুরু হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত লোকজনকে সরিয়ে দিতে শুরু করেন।
তিনি বলেন, “মোনাজাত শুরু করার পর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে স্থান ত্যাগ করেন।”
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অনলাইন ডেক্স 
























