ফ্রান্সের ল্যুভর জাদুঘরে নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক শিল্পকর্ম চোর অক্টাভ ডারহাম। তিনি দাবি করেছেন, জাদুঘরের নিরাপত্তায় এখনও কিছু ফাঁক রয়েছে, যা কাজে লাগিয়ে সেখানে প্রবেশ করা সম্ভব।
৫৩ বছর বয়সী ডারহাম, যিনি একসময় ব্যাংক ও সিন্দুক থেকে চুরি করেছেন, সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ল্যুভর কর্তৃপক্ষ কেন তার সঙ্গে নিরাপত্তা পরামর্শের জন্য যোগাযোগ করছে না। তিনি নিজেকে ‘ডাচ লুপিন’ নামে পরিচিত করেন, যা নেটফ্লিক্সের একটি জনপ্রিয় সিরিজের চরিত্র থেকে নেওয়া।
ডারহাম ২০০২ সালে আমস্টারডামের ভ্যান গঘ জাদুঘর থেকে দুটি চিত্রকর্ম চুরি করেন এবং পরে গ্রেপ্তার হন। চুরি ছেড়ে শিল্পকর্ম উদ্ধারে আগ্রহী হলেও তিনি জানান, এ কাজে পারিশ্রমিক নেন না। তিনি পুলিশের তথ্যদাতা হিসেবেও পরিচয় দিতে চান না।
ল্যুভরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডারহাম দাবি করেছেন, তিনি সম্প্রতি জাদুঘর পরিদর্শনের সময় কয়েকটি জানালায় ফাটল দেখতে পান। তিনি বলেন, চুরির ঘটনার পর ব্যবহৃত প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হলেও পাশের জানালাগুলোর অবস্থা অপরিবর্তিত রয়েছে।
ল্যুভর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ডারহাম জানান, নিরাপত্তা পরামর্শ দেওয়ার সুযোগ পেলে তিনি প্রমাণ করতে প্রস্তুত যে, তিনি এখনও সেখানে প্রবেশ করতে পারেন।
অনলাইন ডেক্স 
























