ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী প্যারিসে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। একইসঙ্গে লিল এবং মার্সেই শহরের সিটি কর্পোরেশন ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিক্ষোভকারীরা সিটি কর্পোরেশন ভবনে হামলা চালিয়ে বিভিন্ন জিনিস ভাঙচুর করেন এবং নাশকতামূলক লেখা রঙ দিয়ে লিখে দেন। মার্সেইয়ের সিটি কর্পোরেশন ভবনে ভাঙচুরের পর সেখানে দাঙ্গা পুলিশের বাড়তি দুটি ইউনিট মোতায়েন করা হচ্ছে।
বিক্ষোভকারীদের অনেকেই মাস্ক ও হুডি পরে ছিলেন। প্যারিসের বিভিন্ন সড়ক ও মোড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, লিঁও শহরের একটি ট্যুরিস্ট অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, সামাজিকমাধ্যমে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন পুনর্জাগরিত করার আহ্বান জানানো হচ্ছিল। এর ফলে আজ দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়। ২০১৮ সালে ইয়েলো ভেস্ট আন্দোলন ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছিল, যা সমাজে বৈষম্যের বিরুদ্ধে ছিল।
ফ্রান্সে নতুন আন্দোলন সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়, যখন শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে বাজেট ছাটাইয়ের প্রতিবাদে রাস্তায় নামেন। আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে।
অনলাইন ডেক্স 























