শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রিজিয়নে প্রায় আড়াই হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। বিজিবি ইতোমধ্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে।
বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া মন্দির পরিদর্শনকালে এসব তথ্য জানান। তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং দুর্গাপূজার আনুষ্ঠানিকতা কোনো সমস্যা ছাড়াই সম্পন্ন হবে।
বিজিবি রিজিয়ন কমান্ডার জানান, সরাইল রিজিয়নের আওতায় জামালপুর থেকে ফেনী পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তে বিজিবির ১৩টি ব্যাটালিয়ন নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পূজার নিরাপত্তায় ১২৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে।
সরাইল রিজিয়নে মোট ৬৬৬টি পূজামণ্ডপ রয়েছে, যেখানে আগাম পরিদর্শন ও পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে। পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে, যাতে যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
দূরবর্তী সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আটটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
অনলাইন ডেক্স 
























