নোয়াখালীর সুবর্ণচরে যুবদল নেতা দিদারুল আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেছেন যে, দিদারুল আলমের নেতৃত্বে একটি সিন্ডিকেট বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুরাতন ফেরিঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেন যে, দিদারুল আলমের সহযোগীরা চুরির ঘটনা, ডাকাতি, জমি দখল ও মাদক ব্যবসা করছে।
প্রতিবাদ সমাবেশে স্থানীয় বাসিন্দা মাস্টার ব্যাপারী জানান, তার বন্ধক নেওয়া ৩০ শতক জমি দিদারের আত্মীয়স্বজন জোরপূর্বক দখল করে নিয়েছে। অন্য এক ভুক্তভোগী নুরজাহান অভিযোগ করেন, তার ছেলেকে কেন্দ্র করে দিদারের অনুসারীরা পূর্বে ৭০ হাজার টাকা দাবি করে এবং তাকে শারীরিকভাবে নিগ্রহ করে।
স্থানীয় অধিবাসীরা দাবি করেছেন যে, দিদারুল আলম ও তার সহযোগীরা সাধারণ মানুষের জমি দখল করে তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, দিদারুল আলম অভিযোগগুলো অস্বীকার করে বলেন, সম্প্রতি তিনি যুবদলের সভাপতির বিরুদ্ধে একটি সংবাদ শেয়ার করেছিলেন, যা নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তিনি জমি দখল বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।
অনলাইন ডেক্স 

























