সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মেয়ে মেহেরিন মুনজারিন রত্নাকে ভারত সফরের অনুমতি দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।
বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মেহেরিনকে ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারত যাওয়ার জন্য ছুটি মঞ্জুর করা হয়েছে। এ সময়ের মধ্যে তার ভারত সফরের পরিকল্পনা রয়েছে। গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে ছুটি মঞ্জুরের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১১ সালের ১৯ জুনের একটি চিঠিতে অনুমোদিত বিধানের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেহেরিন মুনজারিন রত্না ভারত সফরের যাবতীয় ব্যয় নিজেই বহন করবেন এবং এ সফরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক দায়বদ্ধতা থাকবে না।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এ সময়ে মেহেরিনের ভারত সফর নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, তার বাবা আ ক ম মোজাম্মেল হক ভারতে অবস্থান করছেন এবং সে কারণে মেহেরিন ভারতে যাচ্ছেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিম যুগান্তরকে জানান, মেহেরিন তার স্বামীর চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাওয়ার কথা উল্লেখ করে ছুটির আবেদন করেছেন। তবে কী ধরনের চিকিৎসা বা নির্দিষ্ট কোনো রোগের কথা উল্লেখ করেছেন, তা তিনি জানাতে পারেননি।
অনলাইন ডেক্স 
























