প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন কক্সবাজারের পেকুয়ায় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব সমস্যার সমাধান করবেন। তিনি আজ শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটায় মেহেরনামা মোলার পাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে এ কথা বলেন।
স্থানীয় যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বিভিন্ন সমস্যা নিয়ে রাশেদ খাঁনের কাছে জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খাঁন শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে তার বাবা শফিউল আলমের সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় তিনি শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিএনপি সরকার সবসময় তাদের পরিবারের পাশে থাকবে। তিনি বলেন, প্রতিটি হত্যার বিচার বাংলার মাটিতেই হবে।
রাশেদ খাঁন আরও জানান, শহীদ ওয়াসিমের কবরে প্রবেশের প্রধান সড়কটির টেকসই উন্নয়নের উদ্যোগ শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গ্রহণ করবেন। তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনকে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তিনি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনা করেছিলেন।
অনলাইন ডেক্স 






















