বিএনপি সরকার কোনো অন্যায়কে ছাড় দেবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। যে অন্যায় করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ টাঙ্গাইল আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য কাজ চলছে এবং মাদককে সমাজ থেকে দূর করার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সকলে সম্মিলিতভাবে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব। তিনি উল্লেখ করেন, মাদক সেবন করলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং মাদক আমাদের দেশে উৎপাদিত হয় না, বরং পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাদকের ব্যাপারে কোনো তদবির চলবে না এবং সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পুলিশ বাহিনীও তাদের সদস্যদের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেবে, যাতে কেউ মাদক-সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত হতে না পারে।
অনুষ্ঠানে টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন, যার মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা অন্তর্ভুক্ত ছিলেন।
অনলাইন ডেক্স 
























