রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম আদালতে আখতারুজ্জামানের রিমান্ডের জন্য পাঁচ দিনের আবেদন করেন। তদন্ত কর্মকর্তা জানান, আখতারুজ্জামানের কর্মকাণ্ডের পেছনে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
গত বৃহস্পতিবার সকালে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জন্য জমজমের পানি সরবরাহে বিলম্ব হয়। আখতারুজ্জামান ওই ফ্লাইটে ছিলেন এবং বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। তার আচরণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে তোলপাড় শুরু হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের কথোপকথন ভিডিওতে দেখা যায়, যেখানে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলেন। এ ঘটনার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজীব বিমানবন্দর থানায় মামলা করেন।
জামায়াতে ইসলামী আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে এবং বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এসব দাবি জানান।
অনলাইন ডেক্স 
























