ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আদালতে হিজাব পরা এক নারী বিচারককে দেখে এক আসামি ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এ ঘটনা ঘটে, যা আদালতে বিতর্কের সৃষ্টি করেছে। আইনজীবীদের একাংশ এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তদের নাম ধরে উপস্থিতি নেওয়ার সময় একজন আসামি বিচারকের পোশাক দেখে ওই মন্তব্য করেন। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি উদয়শঙ্কর মালাকার এ ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন এবং বলেন, “এটা একেবারেই অনভিপ্রেত।”
অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা সম্পাদক দিবাকর রায় বলেন, “আদালতকক্ষ ধর্ম-রাজনীতি বা অন্য সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ বিচারের জায়গা।” তিনি এ ধরনের কার্যকলাপের তীব্র বিরোধিতা করেন।
বিজেপিপন্থি আইনজীবী ত্রিদিব সাহা ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেন, “অনেক মানুষ সম্ভাষণের সময় ‘জয় শ্রীরাম’ বলেন।” তিনি দাবি করেন, ওই স্লোগান বিচারককে উদ্দেশ্য করে দেওয়া হয়নি।
অনলাইন ডেক্স 
























