রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে এই জ্বালানি বিশেষ কার্গো উড়োজাহাজে পরিবহন করা হবে।
জ্বালানি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে, জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
বৃহস্পতিবার জ্বালানি দেশে পৌঁছানোর কথা ছিল, তবে শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল হয়। নতুন করে শুক্রবার পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে আনা হচ্ছে।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোসহ মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম) জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ হবে।
অনলাইন ডেক্স 























