২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় নির্যাতনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা অভিযোগের তদন্তের অগ্রগতি জানতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খাঁন বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে গিয়েছেন।
রাশেদ খাঁন চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, তিনি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের তদন্তের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে এসেছেন। ২০২৫ সালের ৭ মে ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগের বিষয়ে রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালের ১ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় তাকে ভাসানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয় এবং সেখান থেকে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে নেওয়া হয়। তিনি দাবি করেন, সেখানে ইশতিয়াক আহমেদের নেতৃত্বে তাকে নির্যাতন করা হয়।
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইশতিয়াক আহমেদ ড্রোন ও সিসিটিভির মাধ্যমে ফুটেজ ধারণ এবং পরে সেগুলো মুছে ফেলার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বলেন, এসব কর্মকাণ্ড তৎকালীন সরকারের নির্দেশনা ছাড়া সম্ভব ছিল না।
এদিকে, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, রাশেদ খাঁনের বক্তব্য নেওয়া হয়েছে এবং অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে প্রমাণিত হলে আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
অনলাইন ডেক্স 

























