সরকার সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি আগামী এক বছর এই পদে দায়িত্ব পালন করবেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬-এর ধারা ১২(২) অনুযায়ী তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, এহসান মাহমুদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত আদেশে জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর এহসান মাহমুদ গণমাধ্যমকে বলেন, 'বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি অবিস্মরণীয় ঘটনা।' তিনি জানান, জাদুঘরটির মাধ্যমে সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চান।
এহসান মাহমুদ মাদারীপুরে জন্মগ্রহণ করেন এবং বরিশালের মুলাদীতে তার পৈতৃক নিবাস। তিনি স্নাতক ডিগ্রিধারী এবং সাংবাদিকতার পাশাপাশি কথাসাহিত্য ও কবিতায়ও কাজ করেছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো 'একাত্তরের লালমিয়া' ও 'কোকিল অসময়ে ডাকিয়াছিল'।
অনলাইন ডেক্স 























