রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষার্থীকে 'শিবিরের স্পাই' আখ্যা দিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযোগকারী শিক্ষার্থী মোহাম্মদ আসিফ জানান, তাকে মারধর ও হুমকি দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ছাত্রদলের হল সভাপতি ফুয়াদ তাকে শিবিরের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে মারধর করেন। তবে অভিযুক্ত ফুয়াদ এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেন, আসিফের মোবাইলে শিবিরের নেতার সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
ঘটনাটি সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে ঘটে। আসিফ বলেন, তিনি ছাত্রদলের সঙ্গে যুক্ত হওয়ার আশায় সিটের জন্য যোগাযোগ করেছিলেন। পরে ফুয়াদ তাকে বিভিন্নভাবে হেনস্তা করেন এবং মারধর করেন। আসিফের দাবি, তাকে ভয় দেখানো হয় এবং ভিডিও ধারণ করে বিভিন্ন কথা বলানো হয়।
ফুয়াদ বলেন, আসিফের পরিবারের রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে পেরে তিনি বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি দাবি করেন, আসিফের মোবাইলের তথ্য দেখে মনে হয়েছে, শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে হলে রেখেছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, তিনি ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত জানেন না। উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ জানান, ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 






















