গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ পুরো স্বাস্থ্যকেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এই পরিদর্শনে যান।
স্বাস্থ্যকেন্দ্রের তালাবদ্ধ অবস্থায় কিছুক্ষণ অপেক্ষার পর কাঁটাতারের বেড়া সরিয়ে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় সেখানে কোনো চিকিৎসক বা মেডিক্যাল অফিসারকে পাওয়া যায়নি। কয়েকজন স্বাস্থ্যকর্মীকে ভেতরে বসে গল্প করতে দেখা যায় বলে জানান সংসদ সদস্য।
তিনি বলেন, ‘এখানে কোনও স্বাস্থ্যকর্মী নেই, চিকিৎসক নেই, মেডিক্যাল অফিসারও নেই। গাজীপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত অঞ্চল। এখানকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া জরুরি।’ এমপি রফিকুল ইসলাম এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি কেন তার কাছে ছিল না- এ বিষয়ে ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন জানান, ‘স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি ভুলবশত বাড়িতে রেখে এসেছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের পাঁচটি পদের বিপরীতে বর্তমানে একজনও কর্মরত নেই। এমপি মহোদয় সেখানে যাওয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে।’
অনলাইন ডেক্স 






















