রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬৪ জনের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মোট ২ কোটি ১৬ লাখ টাকার সহায়তা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ইসরাত জাহান ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। নিহত ৩০ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ১ কোটি ৫০ লাখ টাকা, গুরুতর আহত ১৮ জনকে এক লাখ টাকা করে ১৮ লাখ এবং দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে না পারা ১৬ জনকে তিন লাখ টাকা করে মোট ৪৮ লাখ টাকা দেওয়া হয়েছে।
বিআরটিএ রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিতভাবে সরকারি আর্থিক সহায়তার চেক দেওয়া হচ্ছে। তিনি বলেন, সহায়তা পাওয়া ব্যক্তিদের বেশির ভাগই পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, একটি পরিবারের সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহত হলে সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, পরিবারগুলো পাওয়া অর্থ কাজে লাগিয়ে বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করবে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে।
অনলাইন ডেক্স 
























