ফরিদপুরের মধুখালীতে রাস্তার পাশে তিনটি কার্টনে ভরা অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে কার্টনগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়।
মধুখালী থানা পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো জব্দ করে। সেগুলো খুলে এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন ছয় টুকরো অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে এবং ঘটনার রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
অনলাইন ডেক্স 

























