চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের ভ্যাকসিন এন্টিভেনম কেনার ৩ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে গত ৩০ আগস্ট দৈনিক ইত্তেফাকের অনলাইনে সংবাদ প্রকাশ হয়।
অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বদলী হয়ে যাবার ৬ মাস পর ১ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের কমলনগর সোনালী ব্যাংক শাখা থেকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছেংগারচর বাজার শাখার একাউন্টে ১ লক্ষ ৮৩ হাজার টাকা জমা হয়। এই বিষয়টি ৩ সেপ্টেম্বর দুপুরে দৈনিক ইত্তেফাকের অনলাইনে প্রকাশিত হয়।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ৩ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনকে দায়িত্ব দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম ভ্যাকসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিবছর এই উপজেলায় সাপে কাটা ২ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন, কিন্তু ভ্যাকসিনের সরকারি বরাদ্দ খুবই সামান্য। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজন কুমার দাশ বলেন, ঘটনাটি তাদের জন্য বিব্রতকর ও লজ্জাজনক।
অনলাইন ডেক্স 

























