নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য ব্যবহার, সংরক্ষণ ও সেবনের দায়ে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছেন হাফিজুর রহমান, খোরশেদ আলম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হাসান, মঞ্জু মিয়া, নাবিদুল হাসান ত্রিশান, বিজয়, রিয়াজ হোসেন, আব্দুল কাদির, আরিফ মিয়া, মো. মুন্না, আব্দুল করিম, সাইদুর রহমান, মেরাজ আহমেদ, বাবুল দেওয়ান, আলামিন, হোসেন কালু, হায়দার আলী ও নয়ন মিয়া। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান যোগদানের পর থেকে উপজেলায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় বলেন, ‘মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদকের বিরুদ্ধে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
অনলাইন ডেক্স 

























