রান্নাঘরের দৈনন্দিন কাজে ট্যাপের পানি ব্যবহার করা সাধারণ একটি অভ্যাস। তবে, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই পানি আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ নাও হতে পারে। এনডিটিভি ফুড-এর একটি প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে।
অনেক মানুষ মনে করেন, পানি ফুটিয়ে নিলেই তা জীবাণু ও ক্ষতিকারক উপাদান থেকে মুক্ত হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, বাস্তবতা আরও জটিল। পানীয় জলের ক্ষেত্রে আমরা সচেতন থাকলেও রান্নার পানির ক্ষেত্রে সেই সচেতনতা কম।
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য অনুযায়ী, পানি ফুটালে জীবাণু মারা যায়, কিন্তু ভারী ধাতু ও রাসায়নিক পদার্থ পানির মধ্যে থেকে যায়। ইউরেকা ফোর্বসের প্রধান পানি বিজ্ঞানী ড. অনিল কুমার বলেন, ‘পানি ফুটালে তা নিরাপদ হয়ে যায়, এমন ধারণা ভুল।’
ড. কুমার আরও জানান, পানি বেশিক্ষণ ফুটালে কিছু ক্ষতিকর উপাদানের ঘনত্ব বেড়ে যেতে পারে। মার্কিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ)-এর মতে, গরম পানি ঠান্ডা পানির তুলনায় দ্রুত সীসা দ্রবীভূত করতে পারে, যা ট্যাপের পানিতে সীসার পরিমাণ বাড়িয়ে দেয়।
বর্তমানে পানীয় জলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি বিজ্ঞানীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ড. কুমার সতর্ক করেছেন যে, দীর্ঘমেয়াদে এই কণাগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে। তাই রান্নার পানিও ফিল্টার করা বা পরিশোধিত হওয়া জরুরি, যাতে স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায়।
অনলাইন ডেক্স 

























