বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়ার জন্ম না হলে দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হতো না। শনিবার (১৫ আগস্ট) নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
খোকন অভিযোগ করেন, আওয়ামী লীগ ৭৫ বছরের পুরোনো দল হিসেবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কারণে নিষিদ্ধ হয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করেননি এবং জনগণের সঙ্গে নিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে গেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিএনপির ওপর নির্যাতন করা হয়েছে এবং বেগম জিয়াকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। খোকন দাবি করেন, ফরমায়েশি রায়ের মাধ্যমে বেগম জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে এবং তার চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী সঞ্চালনা করেন। এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















