শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) দেশের অন্তত ১৪টি জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এইচএসসি পরীক্ষার সময় টানা বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবারের পদার্থবিজ্ঞান পরীক্ষায় অনেকেই অংশ নিতে পারেননি এবং প্রশ্নপত্র সিলেবাসের বাইরে থেকে কঠিন ছিল। তারা দাবি করেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান পরীক্ষা স্থগিত করা উচিত এবং পদার্থবিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে হবে।
সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি জানান। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় কার্যকর সংস্কার জরুরি এবং শিক্ষামন্ত্রীর অযাচিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।
চট্টগ্রামের ষোলশহর এলাকায়ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। তারা অভিযোগ করেন, পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষা করে পরীক্ষা নেওয়া হয়েছে, যা অনেক শিক্ষার্থীকে চরম ভোগান্তিতে ফেলেছে। শিক্ষার্থীরা বোর্ড প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বরিশালেও শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৪ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলেন, বন্যাকবলিত এলাকার অনেক পরীক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে পারেননি এবং এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
অনলাইন ডেক্স 























