শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ সারাদেশে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে তারা আন্দোলন করছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে সাংবাদিকদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দিব না, সংসদে প্রশ্নোত্তরের জবাব দিব।’
আজ বেলা ১১টা ৪৫ মিনিটে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিক্ষোভ করেন। তাদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক- মিলনের পদত্যাগ’ স্লোগান দেন। ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন।
অনলাইন ডেক্স 





















