সরকার দেশের পাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার সময় দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়া রোধ করা।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, পাবলিক পরীক্ষা চলাকালে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রী জানান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পাবলিক পরীক্ষার জন্য পৃথক ও স্থায়ী পরীক্ষা কেন্দ্র নির্মাণের লক্ষ্যে একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব বর্তমানে অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।
এ ধরনের স্থায়ী পরীক্ষা কেন্দ্র স্থাপিত হলে পাবলিক পরীক্ষা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে। এতে শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষার্থীদের জন্য পৃথক পরীক্ষা কেন্দ্র নির্মাণের বিষয়ে বর্তমানে কোনো স্বতন্ত্র পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে প্রয়োজনীয়তার ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হবে।
অনলাইন ডেক্স 





















