শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে রওনা হয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে তারা মিছিল শুরু করেন।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের কাছাকাছি পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন।
এর আগে, সকাল থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এই কর্মসূচির কারণে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা চালু রাখায় তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলেও দাবি করেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, “এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে। যাতায়াতে আমাদের চরম ভোগান্তি হয়েছে।” ঘটনাস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত ছিলেন এবং বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনলাইন ডেক্স 






















