মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মার্কিন সামরিক কর্মকর্তা ও চুক্তিবদ্ধ কর্মীদের অবস্থান শনাক্ত করতে ইরান বিভিন্ন কোম্পানির মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
‘মোবাইল সারভেইলেন্স মনিটর’ নামের একটি সংস্থার গবেষণা প্রকল্পের তথ্য অনুযায়ী, মার্কিন আইনপ্রণেতারা ইরানের এই কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন। তারা সতর্ক করেছেন যে, মোবাইল রোমিং ব্যবস্থা এবং স্মার্টফোনের বিজ্ঞাপন প্রযুক্তি মার্কিন সামরিক বাহিনীকে হামলার ঝুঁকিতে ফেলতে পারে।
একটি সূত্র ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, ইরান স্থানীয় ফোন অপারেটরদের সঙ্গে থাকা রোমিং চুক্তির সুযোগ নিয়ে মার্কিন কর্মীদের অবস্থান শনাক্ত করছে। অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন ফোনগুলো ট্র্যাক করতে বাণিজ্যিকভাবে সহজলভ্য বিজ্ঞাপন ডেটাবেস ব্যবহার করা হচ্ছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ গ্যারি মিলার বলেছেন, ইরানের কাছে মোবাইল ফোনের অবস্থানের তথ্য পাওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে। তিনি জানান, মার্কিন ব্যবহারকারীদের শনাক্ত করতে ইরান যদি এসএস৭ বা মোবাইল নেটওয়ার্ক অ্যাক্সেস ব্যবহার না করে, তাহলে সেটি আশ্চর্যজনক হবে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত এপ্রিলে কংগ্রেসকে জানিয়েছিল, শত্রুপক্ষ বাণিজ্যিক লোকেশন ডেটা ব্যবহার করে মার্কিন কর্মীদের ওপর নজরদারি করছে। তবে তারা নিজেদের বাহিনীকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে।
অনলাইন ডেক্স 






















