নওগাঁর মহাদেবপুরে ডিবি পুলিশ সেজে মহাসড়কে ডাকাতির অভিযোগে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া জেলার খোকন চন্দ্র (৩৩) এবং গাজীপুর জেলার শুভ (২৮)। তাদের গ্রেপ্তার করা হয় শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে গাজীপুর থেকে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ভোরে মহাদেবপুর উপজেলার নওহাটা থেকে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট পরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে চালক ও যাত্রীকে অপহরণ করে। পরে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ডাকাতির ঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ সুপারের নির্দেশনায় তদন্ত শুরু করে ডিবি পুলিশ। প্রযুক্তির মাধ্যমে ডাকাত দলের অন্যতম হোতা আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়, যিনি আদালতে ডাকাতির দায় স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খোকন ও শুভকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারের পর আসামিরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 
























