ইরান প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এ প্রেক্ষাপটে ইরানি পত্রিকা হামশাহরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ১৩ ব্যক্তির ছবি প্রকাশ করেছে।
হামশাহরি এই তালিকাকে ‘হিট লিস্ট’ বা হত্যার লক্ষ্যতালিকা হিসেবে উল্লেখ করেছে। পত্রিকাটির দাবি, তালিকায় রয়েছে খামেনি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম। ওয়াইনেট নিউজের খবর অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ছবিতে ট্রাম্প ও নেতানিয়াহুকে কমলা রঙের কারাগারের পোশাকে দেখা যায়। তাদের মাথায় নিশানার চিহ্ন আঁকা রয়েছে।
তালিকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির নামও রয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে তালিকায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর এবং সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। ইউরোপের কয়েকজন নেতার নামও তালিকায় অন্তর্ভুক্ত, তাদের মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ রয়েছেন।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির একটি লিখিত বার্তা প্রকাশের পর হামশাহরি এই ছবি প্রকাশ করে। তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। মোজতাবা খামেনি বলেন, ‘আমরা বীর নেতার রক্ত এবং দুই যুদ্ধে নিহত সব মানুষের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি। এই প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং তা দ্রুতই কার্যকর হতে হবে।’
অনলাইন ডেক্স 























