রাজধানীতে টানা ভারি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি তুলেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
ঢাকার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেক পরীক্ষার্থী।
এদিকে, বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিতের সুপারিশ করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীরা সোমবারের পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা আয়োজন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
মোস্তফা সানি নামের এক পরীক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘ঢাকায় যদি এমন অবস্থা হয়, তাহলে দেশের অন্য জেলাগুলোর অবস্থাও খারাপ। শুধু চট্টগ্রামের পরীক্ষা স্থগিত না করে সব বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত করা উচিত।’
রোববার পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত জানানো হয়নি।
অনলাইন ডেক্স 
























