রংপুরে চার দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার পর থেকে শুরু হওয়া বৃষ্টির মধ্যেও লাখো মানুষ মিছিল নিয়ে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশস্থলে জড়ো হন।
বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের উপস্থিতিতে ভাটা পড়েনি। অনেকেই ছাতা, পলিথিন কিংবা ভেজা কাপড় নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশের আয়োজন করা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। দুপুরে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়ে দলীয় নেতাদের বক্তব্য শুনতে থাকেন।
জামায়াতে ইসলামীর কর্মী ফুয়াদ হাসান বলেন, "বৃষ্টিতে ভিজে গেলেও সমস্যা নেই, শুধু নেতার বক্তব্য শুনতে চাই।" আরেক কর্মী জুনায়েদ ইসলাম জানান, "বৃষ্টির জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টই আনন্দ হয়ে যাবে যখন আমির সাহেবকে সামনে থেকে দেখতে পারবো।"
সমাবেশের শুরুতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
অনলাইন ডেক্স 























