ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুর বাবা সাইদুল ইসলাম এই ঘটনায় তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।
শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় মামলাটি দায়ের করেন সাইদুল ইসলাম। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, লাকী আক্তার তার কন্যাকে হত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিয়েছেন। সাইদুল জানান, তার মেয়ে ফাহিমা সাঁতার জানে না, কিন্তু লাকী সাঁতার জানেন। স্থানীয়দের দ্রুত উদ্ধার না করলে মেয়েটি পানিতে ডুবে যেতে পারতো।
ঘটনাটি ঘটে শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি শহরের থানারপুল ফেরিঘাট এলাকায়। লাকী আক্তার কন্যাসন্তান ফাহিমাকে নিয়ে ফেরির ওপর থেকে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
লাকী আক্তার ও সাইদুল ইসলামের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। লাকী জানান, পারিবারিক কলহের কারণে তিনি তিন সপ্তাহ আগে তালাক দেন। এরপর থেকে সাইদুল তার মেয়েকে নিয়ে যেতে চান, কিন্তু লাকী তা মানতে রাজি ছিলেন না।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, মামলার পর লাকী আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 






















