কুষ্টিয়ার গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় বালু অপসারণের কাজ নিয়ে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। উন্মুক্ত দরপত্রে আওয়ামী লীগের এক নেতার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ পাওয়া বালুমহল বর্তমানে বিএনপির এক নেতার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালে গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ও গোপীনাথপুর মৌজার ডাইকে স্তুপ করে রাখা বালু অপসারণের কাজ মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ-এর নামে বরাদ্দ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মহিদুল ইসলাম কুষ্টিয়া পৌরসভার আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক কাউন্সিলর।
২০২৪ সালের ৯ অক্টোবর একটি হলফনামায় মহিদুল ইসলাম বালুমহল পরিচালনার ক্ষমতা বিএনপির সভাপতি মো. আবুল কালাম বিশ্বাসকে অর্পণ করেন। পরবর্তীতে ২০২৬ সালের ১৮ মে পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, আবুল কালাম বিশ্বাস মূল ঠিকাদারের পক্ষে বালু অপসারণের কাজ পরিচালনা করতে পারবেন।
আবুল কালাম বিশ্বাস বলেন, আদালতের নির্দেশনা ও সরকারি আইনজীবীর মতামতের ভিত্তিতে কার্যাদেশ পাওয়া গেছে। তিনি দাবি করেন, ঘাটটি তারা কিনেছেন এবং এর সব বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. মহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব বলেন, এ বিষয়ে তাদের কিছু জানা নেই এবং এটি ব্যক্তিগত বিষয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই বালুমহলটি হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেক্স 























