কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলে ভারী বৃষ্টির কারণে আশ্রয়কেন্দ্র ও সড়ক পানিতে তলিয়ে গেছে। শনিবার (১১ জুলাই) রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির ফলে শরণার্থীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
রোববারও বৃষ্টির অব্যাহত থাকার কারণে উখিয়ার ৮ ডব্লিউ ক্যাম্প এবং টেকনাফের আলীখালী ও জাদিমুড়াসহ একাধিক ক্যাম্পের নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অনেক শরণার্থী পরিবার।
ক্যাম্প-৮ডব্লিউ-এর রোহিঙ্গা শরণার্থী আজিম উদ্দিন জানান, বৃষ্টির কারণে তাদের বসতঘর ও রাস্তা পানিতে প্লাবিত হয়েছে। তিনি বলেন, "বৃষ্টি কিছুটা কমলে পানি নেমে যায়, কিন্তু ভারী বৃষ্টি শুরু হলেই আবার ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে।"
আরেক রোহিঙ্গা মো. ইসমাইল জানান, একটানা ভারী বর্ষণের কারণে ক্যাম্পের পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। তিনি বলেন, "বৃষ্টির পানিতে অনেক আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়েছে এবং কিছু স্থানে পাহাড়ি ঢল ও কাদামাটির কারণে চলাচল ব্যাহত হচ্ছে।"
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, টানা ভারী বৃষ্টির কারণে অনেক রোহিঙ্গা পরিবারের বসতঘরে পানি প্রবেশ করেছে। তিনি বলেন, "বৃষ্টির তীব্রতা কমে গেলে এসব এলাকার পানি ধীরে ধীরে নেমে যাবে।"
অনলাইন ডেক্স 




















